
ফের আক্রান্ত হয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার এক কনস্টেবলকে মারধর করা হয়েছে বলেই অভিযোগ।অভিযোগ, পদ্মপুকুর এলাকায় রাস্তার উপর একটি বালিভর্তি গাড়ি দাঁড় করিয়ে বেআইনিভাবে বালি খালি করা হচ্ছিল।
সেই সময় কর্তব্যরত কনস্টেবল অনন্ত কুমার রায় গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার কথা বলেন। অভিযোগ, তা নিয়ে প্রথমে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কনস্টেবলকে মারধর করা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, ঘটনায় কনস্টেবল অনন্ত কুমার রায়ের গায়ে থাকা পোশাক ছিঁড়ে যায় এবং মুখের একটি অংশ ফুলে যায়। তাঁর সঙ্গে থাকা অন্যান্য পুলিশকর্মীরা কোনওরকমে তাঁকে উদ্ধার করে পোলেরহাট থানায় নিয়ে যান। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পোলেরহাট থানার পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়নি।
