
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে মদ্যপ যুবকদের গন্ডগোল থামাতে যাওয়া পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। ইটের ঘায়ে মাথা ফেটেছে এক কনস্টেবলের, আহত হয়েছেন এএসআই। রক্তক্ত অবস্থায় ওই কনস্টেবল এবং পুলিশ আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে ইতিমধ্যেই সাগরপুর এলাকার ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গ্রামে পুজো চলাকালীন মদ্যপ যুবকরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ যেতেই উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ কর্মীরা। এক যুবককে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগে পুলিশকেই গণপ্রহার দেন গ্রামবাসীরা। পুলিশের ওপর হামলার খবর থানায় পৌঁছালে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। এরপরই শুরু হয়ে যায় ধরপাকড়। পুলিশ পেটানোর অভিযোগ ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে।
সম্প্রতি বীরভূমে ওসির কলার ধরে পুলিশকে মারার একটি ভিডিও সামনে এসেছিল। সেই ঘটনায় যুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার ২৪ ঘন্টা কাটার আগেই জেলার লাভপুরে বাসযাত্রী তোলাকে কেন্দ্র করে হামলার মুখে পড়তে হয়েছিল পুলিশকে।









