
মাটি পাচারে বাধা দেওয়ায় মুর্শিদাবাদের রানিতলাতে সিভিক ভলান্টিয়ারকে হাঁসুয়ার কোপ মারা হয়েছে। আক্রান্ত হয়েছেন সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার সহ চারজন।
জানা গিয়েছে বুধবার পিরোজপুর ঘাটের কাছে মাটি কেটে ট্রাক্টরে করে চলছিল মাটি পাচার। খবর পেয়েই আটকাতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা প্রত্যেকেই ইসলামপুরের বাসিন্দা। আটক করা হয়েছে জেসিবি ও বাইক। অন্যদিকে বেআইনিভাবে বালি তোলায় বাধা দেওয়ায় বাঁকুড়ার পুলিশ ক্যাম্পে ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। বাঁকুড়ার সোনামুখীর উত্তরবেশিয়া ক্যাম্পে রাতে ৫০-৬০ জন দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় একজন এনভিএফ এবং ২ জন সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেছেন গত ২-৩ মাস ধরে দামোদর নদের চর থেকে অবৈধভাবে বালি পাচার হচ্ছিল।
বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছিল বালিপাচারে যুক্ত ট্রাক্টরগুলো। সেই আক্রোশেই এই হামলা বলে মনে করা হচ্ছে। ঘটনায় ইতিমধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
