
আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতন ও ধরপাকড়ের বিরুদ্ধে এবার আসরে নামছে ককরোচ জনতা পার্টি,সি জে পি। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দেশের প্রতিটি জেলায় জনকল্যাণমুখী ও প্রবীণ আইনজীবীদের নিয়ে একটি শক্তিশালী আইনি নেটওয়ার্ক বা লিগ্যাল সেল তৈরি করা হচ্ছে।
এর মূল উদ্দেশ্য, সরকার যদি অন্যায্যভাবে কোনও ছাত্র বা তরুণকে টার্গেট করে বা হয়রান করে, তবে এই আইনজীবীরা সরাসরি তাঁদের আইনি সহায়তা দিতে পাশে দাঁড়াবেন। অন্যদিকে, তারা তাদের দলের একটি তহবিল গঠন করার কথাও জানিয়েছে। আর এই অরাজনৈতিক আরশোলাকে ১ কোটি টাকা দান করার ঘোষণা করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বল। সংগঠনের অন্যতম মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, ২০ জুলাই আন্দোলন চলাকালীন পুলিশের ভূমিকা নিয়ে তারা ক্ষুব্ধ। তাঁর অভিযোগ,সেদিন যে সমস্ত পুলিশকর্মী ও জওয়ানরা শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয়েছিলেন, তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশি বর্বরতার সেই সমস্ত ঘটনায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করতে এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করেছে সিজেপি।
সাক্ষী নামের এই পোর্টালটির কথা ঘোষণা করে সৌরভ জানিয়েছেন লিঙ্কে গিয়ে সাধারণ মানুষ বা ছাত্রছাত্রীরা সেদিনকার পুলিশি লাঠিচার্জ, মারধর বা হেনস্থার ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে আপলোড করতে পারবেন।সংগঠনের আইনি দল সেই সমস্ত প্রমাণ খতিয়ে দেখে আদালতের মাধ্যমে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন প্রান্তে টার্গেট হওয়া সমস্ত ছাত্রকে ধৈর্য ধরার এবং আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
