ময়নাগুড়িতে শ্লীলতাহানিকাণ্ডে পুলিশের গাড়িতে আগুন-কাঁদানে গ্যাস

0
690
ছবি সৌজন্যে : নিজস্ব

পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন, পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল। শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ধুন্ধুমার জলপাইগুড়ির ময়নাগুড়ি। জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় টিউশন থেকে ফেরার পথে দুই দুষ্কৃতী নাবালিকা দুই ছাত্রীর পথ আটকায়।

শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন চলে এলে পালিয়ে যায় তারা। এরই প্রতিবাদে বুধবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। যানজট তৈরি হয় জাতীয় সড়কে। পুলিশ গিয়ে অবরোধ তুলতে বলায় ধুন্ধুমার হয়ে ওঠে পরিস্থিতি।

বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাল্টা কাঁদানে গ্যাসের সেল, লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।