
পারিবারিক অশান্তির জেরে শ্যালকের কানে কামড় দিয়ে তাঁকে ছাদ থেকে ফেলার চেষ্টার অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, সোনারপুর মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেনের বিরুদ্ধে নিয়মিত মদ্যপান করার অভিযোগ। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই স্ত্রী সুস্মিতা সেনকে মারধর করেন বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতেও একই ঘটনা ঘটে। স্ত্রীর উপর অত্যাচার করছিলেন সৌরভ। সেই সময় পাশের বাড়িতে থাকা সুস্মিতার ভাই রাজা শ্রীবাস্তব দিদির কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন। দিদিকে বাঁচানোর চেষ্টায় করলে জামাইবাবুর শ্যালকের কানে কামড় বসিয়ে দেন বলে অভিযোগ৷ শুধু তাই নয়, শ্যালককে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করেন তিনি। গুরুতর আহত হন রাজা।
রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন রাজা। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
