
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টরকে বেধড়ক মারধর, স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার চ্যাটার্জিহাটের আবাসনে।
মারধর ও শ্লীলতাহানির অভিযোগে রেস্টুরেন্টের মালিক সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে হাওড়ার চ্যাটার্জিহাটের গাঙ্গুলি রোডের ওপর ওই আবাসনের নিচতলায় একটি ব্যাঙ্কোয়েট এবং রেস্টুরেন্ট চালান মানস রায় নামে এক ব্যক্তি। রেস্টুরেন্টে কাজের জন্য ১০ জন লেবার নিয়ে আসেন মানস রায়। ওই লেবারদের আধার কার্ড আবাসন কমিটির কাছে জমা দিতে বলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর অমিত সিং। বারবার বলা সত্ত্বেও তা দিতে অস্বীকার করেন মানস রায়। মঙ্গলবার ভোরে ফের একবার লেবারদের কাছে আধার কার্ড চান পুলিশ অফিসার।। অভিযোগ এরপরেই মানস রায় এবং তার দলবল লাঠি, হকি স্টিক, রড নিয়ে চড়াও হয় অমিত সিংয়ের ওপর। বেধড়ক মারধর করা হয় তাঁকে। মারের চোটে কান ফেটে যায়। পায়ে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ। বাঁচাতে গেলে স্ত্রীকে মারধর এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপরেই চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করা হয়।
গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মানস রায় সহ ৪ জনকে। সরকারি কর্মীকে মার, খুনের চেষ্টা, শ্লীলতাহানি সহ বিভিন্ন ধারা দেওয়া হয়েছে হয়েছে অভিযুক্তদের।









