
সরকারি কাজ সামলাতে গিয়ে কুকথা শুনতে হচ্ছে পুলিশকে। এমনকি মারও খেতে হচ্ছে। তারই প্রতিবাদে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেছেন পুলিশের স্ত্রীরা।
তাঁদের আক্রমণের কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হলেও অনুব্রত মণ্ডলের প্রশ্নে মেজাজ হারান পুলিশকর্মীর স্ত্রীরা। কার্যত সাংবাদিক বৈঠক শেষ না করেই বেরিয়ে যান তাঁরা। সাংবাদিক বৈঠক করে পুলিশের স্ত্রীরা অভিযোগ করেছেন যারা সমাজের রক্ষক তাদেরকেই সবসময় আক্রমণ করা হচ্ছে। উচিত-অনুচিত কিছু না ভেবেই করুচিকর কথা বলা হচ্ছে।এতে শুধু পুলিশকর্মীরাই নন, ভুক্তভোগী হচ্ছেন পরিবারের সদস্যরাও। বাড়ির মহিলা, বয়স্ক সদস্য থেকে শিশুরা কার্যত মানসিকভাবে আক্রান্ত হচ্ছেন বলে দাবি তাঁদের। বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন তাঁরা। এক্ষেত্রে তাঁদের আক্রমণে ছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার উপস্থিতিতে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। এরপরেই সাংবাদিকদের একের পর এক প্রশ্নে কার্যত মেজাজ হারান তাঁরা। অনুব্রত মণ্ডলের কুকথার সময় কেন তারা সাংবাদিক বৈঠক করেননি। এই প্রশ্নে তাদের দাবি ছিল অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়ে নিয়েছেন। পাল্টা সাংবাদিকরা প্রশ্ন করেন ক্ষমা চাইলেই সব সমাধান হয়ে যায়।
পাশাপাশি অভয়ার মাকে লাঠির আঘাত, জাতীয় পতাকায় পা দেওয়া প্রশ্ন কার্যত এড়িয়ে গিয়েছেন। শেষমেশ সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান পুলিশকর্মীর স্ত্রীরা।








