
কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত মেনে ২১ জুলাইয়ের সভা করেনি কালীঘাট তৃণমূল! এমনই অভিযোগে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে হেস্টিংস থানার পুলিশ। থানার এক সাব ইনস্পেক্টর-এর লিখিত অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ করেছে পুলিশ।
তারামণ্ডলে সামনে, ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল যে, রাস্তার একটি দিকের লেনে সভা করা যাবে। অন্য লেনটি যান চলাচলের জন্য পুরোপুরি খোলা রাখতে হবে, যাতে যানজট না-হয়। পুলিশ সূত্রের খবর, কালীঘাট তৃণমূলের সভা চলার সময় রাস্তার পূর্ব দিকের লেনটির পাশাপাশি পশ্চিম দিকের লেনেও জমায়েত ছিল। কর্মী-সমর্থকদের অনেকেই পাশের লেনে দাঁড়িয়ে থাকায় যান চলাচল ব্যাহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে সমাবেশের আয়োজক ও কালীঘাট তৃণমূলের আহ্বায়কদের বিরুদ্ধে রাস্তা অবরোধ করা এবং আইনি নির্দেশ না মানার অভিযোগে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
তদন্ত শুরু করে ইতিমধ্যে অভিযুক্তদের শনাক্ত করার কাজও শুরু হয়েছে। প্রয়োজনে কালীঘাট তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশ নোটিস পাঠাতে পারে বলেও জানা গিয়েছে।
