
দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় ১৩ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। যে মোবাইল থেকে মেল পাঠানো হয়েছিল, সেটির সূত্রে উত্তরাখণ্ডের ওই কিশোরের কাছে পৌঁছন তদন্তকারীরা।
কিশোর স্বীকার করেছে, সেই মেল পাঠিয়েছিল। তবে নিছক মজা করার জন্য সে এই কাজ করেছে বলেও পুলিশকে জানিয়েছে। ১৭ জুন দিল্লি বিমানবন্দরে আচমকা বোমাতঙ্ক ছড়ায়। পরে জানা যায়, বোমার খবরটি ভুয়ো। তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে ওই মেল পাঠানো হয়েছিল। সেখানে পৌঁছে যায় পুলিশের একটি দল। ১৩ বছরের এক কিশোর এই কাজ করেছে বলে তারা জানতে পারে। ওই কিশোর নবম শ্রেণির ছাত্র।পুলিশকে কিশোর জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটি ঘটনা দেখেছিল সে। তাতেও বিমানে বোমা রাখা আছে বলে ভুয়ো মেল পাঠিয়েছিলেন কেউ। তা দেখে তারও ওই ভাবে মজা করতে ইচ্ছা হয়। দিল্লি বিমানবন্দরে মেল পাঠিয়ে কিশোর ওই মেল আইডি ডিলিট করে দিয়েছিল। স্কুলের কাজ করার জন্য বাড়ি থেকে মোবাইলটি তাকে দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। কিশোর তদন্তকারীদের কাছে স্বীকার করেছে, ভয়ে মেলের কথা বাবা, মাকেও সে বলতে পারেনি। পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছে বলে খবর।
