
হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ উঠতেই এ বার ন’রাজ্যের পুলিশ তাঁকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ওই রাজ্যগুলির পুলিশের তরফে।জ্যোতি যে সব জায়গায় গিয়েছিলেন, সেখানকার ছবি এবং ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেছিলেন। তাঁর সফরের তালিকায় বেশ কিছু সংবেদনশীল জায়গাও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ফলে যে ন’রাজ্যে জ্যোতি মলহোত্রা সফর করেছিলেন, সেই রাজ্যগুলির কোথা কোথায় গিয়েছিলেন, কোথায় থেকেছিলেন, কাদের সঙ্গে ছিলেন,এই সব কিছু তথ্য পেতে চাইছে পুলিশ। সূত্রের খবর, তাই জ্যোতি মলহোত্রাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে ন’রাজ্যের পুলিশ।পুলিশ সূত্রে খবর, রাজস্থানে ভারত-পাক সীমান্তে গিয়েছিলেন জ্যোতি মলহোত্রা। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও, গুলমার্গ, শ্রীনগর।জানা গিয়েছে দিল্লির বিভিন্ন ঐতিহাসিক পর্যটনস্থল, উত্তরপ্রদেশের বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ এবং বৃন্দাবনে গিয়েছিলেন তিনি। ওড়িশার পুরী, বিহারের ভাগলপুর, পশ্চিমবঙ্গের কলকাতা, পঞ্জাবের স্বর্ণমন্দির এবং অটারী সীমান্ত-সহ বহু জায়গার ভিডিয়ো এবং ছবি তুলে সেগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
তদন্তকারীদের সন্দেহ, জেনেবুঝেই বেশ কিছু সংবদেনশীল জায়গার ছবি সোশ্যাল মিডিয়ায় দেন জ্যোতি মলহোত্রা।





