
কলকাতা পুলিশের অফিসারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন তরুণী পরিচারিকা। সোনারপুরের বাসিন্দা নির্যাতিতার দাবি কসবা এলাকায় ওই পুলিশ অফিসারের বাড়িতে আয়া সেন্টারের রান্নার কাজ পান।
তরুণীর অভিযোগ ঘটনার দিন বাড়ির অন্য সদস্যরা বাইরে বেরিয়ে যেতেই অভিযুক্ত পুলিশ অফিসার তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। বাধা দিতেই উল্টে তাঁকে চুরির অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয় ভয় দেখিয়ে জোর করে সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয় তিনি আর কোনওদিন চুরি করবেন না। পরের দিন অভিযুক্ত অফিসারের পরিবারের তরফে ফোন করে জানানো হয় তিনি নাকি বাড়ি থেকে সোনা চুরি করেছেন। এই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই তরুণী।
তাঁর আরও অভিযোগ নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, যাতে তিনি মুখ না খোলেন। সেই কারণেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
