
ডিউটিতে যাওয়ার পথে লরির সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই পুলিশ কর্মী, গুরুতর আহত হয়েছেন ৩। মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন ওই পুলিশ কর্মীরা। চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে পুলিশ ভ্যানটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। এরপর স্থানীয়দের সহায়তায় বাকিদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আরও এক পুলিশ কর্মী।দুর্ঘটনায় আহত বাকি তিন পুলিশ কর্মীকে প্রথমে স্থানীয় দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের আঘাত গুরুতর হওয়ায়, রাতেই তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই লরিটিকে আটক করেছে। পলাতক চালকের খোঁজও চলছে পুরোদমে।
