তেলেঙ্গানায় পুলিশকর্তার ৩০০ কোটির সম্পত্তি!

0
21
ছবি সৌজন্যে : এক্স

তেলেঙ্গানায় এক পুলিশকর্তার ৩০০ কোটির সম্পত্তির হদিস পেয়েছে দুর্নীতিদমন শাখা। সূত্রের খবর, আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে ডেপুটি পুলিশ সুপার সঙ্কিরেড্ডি ভীম রেড্ডির বিরুদ্ধে।

তার পরই সোমবার তল্লাশি অভিযানে নামে এসিবি। তদন্তে নেমে স্থাবর এবং অস্থাবর মিলিয়ে পুলিশকর্তার বিপুল পরিমাণ সম্পত্তির পান এসিবি-র আধিকারিকেরা। তার পরই ভীম রেড্ডিকে নিজেদের হেফাজতে নেন তাঁরা। এসিবি সূত্রের খবর, পুলিশকর্তাকে তাঁর ইব্রাহিমবাগের বাড়ি থেকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, পুলিশকর্তার ১৫টি ঠিকানায় তল্লাশি চালানো হয়। এ ছাড়াও তাঁর আত্মীয়, বন্ধুদের বাড়িতেও তল্লাশি চলে তেলেঙ্গানা এবং কর্নাটকে। এসিবি জানিয়েছে, পুলিশকর্তার একটি ঠিকানা থেকে নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার হয়েছে। আরও একটি ঠিকানা থেকে ৪০ লক্ষ টাকা, ২ কেজি সোনার গয়না, ২০ কেজি রুপোর গয়না এবং সামগ্রী পাওয়া গিয়েছে। এ ছাড়াও ডিএসপির একটি অ্যাকাউন্ট থেকে ২০ লক্ষ টাকার হদিস মিলেছে। হায়দরাবাদের ইব্রাহিমবাগে একটি বাংলো, টেলিকমনগরে তিনতলা বাড়ি, একটি পেন্ট হাউস মিলেছে। এ ছাড়াও আরও একটি ফ্ল্যাটের হদিস মিলেছে ওই এলাকায়। অন্যদিকে, গাছিবোওলিতে একটি ফ্ল্যাট রয়েছে। মণিকোন্ডায় ৫০০ বর্গফুটের একটি বাণিজ্যিক ভবন, ৩ হাজার বর্গফুটের আরও একটি বাণিজ্যিক ভবন রয়েছে।

তেল্লাপুরে দু’টি ফ্ল্যাট, একটি রিসর্ট। সঙ্গারেড্ডি জেলায় সাড়ে তিন একরের কৃষিজমি। এছাড়াও আরও একাধিক সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে।