
বীরভূমে বিসর্জনের শোভাযাত্রায় ঘটেছে নৃশংস ঘটনা। মাড়গ্রামে যুবকের মুখে নিষিদ্ধ বাজি ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ভিলেজ পুলিশ সজল মাজির বিরুদ্ধে।
খবর, দুর্গা প্রতিমা নিরঞ্জনের দিন মুখে বাজি ফেটে গুরুতর আহত হয়েছেন যুবক হেমন্ত বাগদি। তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। এখনও যন্ত্রণায় ছটফট করছেন তিনি। পুড়ে গিয়েছে মুখগহ্বর। এলাকা সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরেই এই কাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। পরিবারে দাবি, নিষিদ্ধ বাজি ব্ল্যাক ক্যাট যুবকের মুখে ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে বিসর্জনের শোভাযাত্রা দেখতে যাওয়ার পথে হেমন্ত বাগদির সঙ্গে এই নির্মম ঘটনা ঘটান স্থানীয় ভিলেজ পুলিশ সজল মাজি। ভয়ঙ্কর এই কাণ্ড ঘটতেই হইচই পড়ে যায় এলাকায়। বিসর্জনের শোভাযাত্রা বন্ধ করে দেন ক্ষুব্ধ এলাকাবাসী।
ঘটনার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানা। অভিযুক্ত সজল মার্জিতকে আটক করা হয়েছে।যদিও পুলিশের দাবি বাজিটি সম্ভবত কালীপটকা। কিন্তু এই ঘটনার পর থেকেই এলাকা থমথমে।







