
হুমকি কাণ্ডে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি ও বাগানবাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের টিম ভিতরে ঢুকতেই সামনে এসেছে, পৈলানে প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রীর আলিশান বাগানবাড়ির ছবি, যা দেখলে তাজ্জব হতে হয়।
চিকন ঘাসের মখমলে মোড়া সুবিশাল লন, নীল জলের সুইমিং পুল, বাহারি মূর্তি দিয়ে সাজানো ঝরনা, রয়্যাল বেঙ্গল টাইগারের মডেল, কোথাও আবার গুহার মতন করা রয়েছে। কী নেই তৃণমূল বিধায়কের বাগানবাড়িতে! বেতের চেয়ার, দোলনা, আলাদা গ্লাসরুম, একেবারে বিলাসের বাগানবাড়ি। সেখানে থরে থরে সাজানো ফরচুনার, থর, স্করপিওর মতো একের পর এক দামি গাড়ি। পৈলানে প্রায় ২০০ মিটার দূরত্বের মধ্যে রয়েছে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি ও বাগানবাড়ি। সেই বাগানবাড়িতে ম্যাকাও পাখি থেকে অ্যালসেসিয়ান কুকুর, সবই রয়েছে। বাগান বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। সিলিং ঠুকেও দেখেন তাঁরা। বাগানবাড়িতে গিয়ে দেখা গেল, একটি ঘরে বেশ কয়েকজন উপস্থিত রয়েছে। তাঁদের দাবি, তাঁরা সকলেই তৃণমূল কর্মী। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া রয়েছেন। বিধায়ক কোথায় জিজ্ঞাসা করা হলে, তাঁদের দাবি, তিনি গতকাল বিধানভায় শপথ নিতে গিয়ে আর ফেরেননি।
এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী ও রাফ-কে সঙ্গে নিয়ে প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রীর পৈলানের বাড়ি কাম অফিস এবং বাগানবাড়িতে পৌঁছে যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার টিম। তাঁর দুটি ঠিকানাতেই চলছে তল্লাশি অভিযান।








