
তদন্তের স্বার্থে তৃণমূল কংগ্রেস নেত্রী কল্পনা শিটকে সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুরের বেলদায় অবস্থিত তাঁর বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। সোমবার খড়গপুর ও বেলদা থানার পুলিশের যৌথ উদ্যোগে এই তল্লাশি অভিযান পরিচালিত হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলমান একটি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে এই তল্লাশি চালানো হয়। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তদন্তকারী আধিকারিকরা কল্পনা শিটকে সঙ্গে নিয়ে তাঁর বেলদার বাসভবনে পৌঁছন। এরপর দীর্ঘ সময় ধরে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাড়ির বিভিন্ন নথিপত্র, ইলেকট্রনিক ডিভাইস এবং অন্যান্য সামগ্রী খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে কিছু নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে বলেও পুলিশ সূত্রের দাবি। যদিও তল্লাশিতে ঠিক কী কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে। বস্তুত, কয়েকদিন আগেই বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল খড়গপুর টাউন থানার পুলিশ।
