
ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ।পরে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া করার ঘটনা ঘটেছে।
সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। ইট নিক্ষেপ, বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন জ্বলতে দেখা গিয়েছে। বেলা আড়াইটার দিকে ধানমন্ডি বয়েজ স্কুলের সামনের রাস্তা দিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছিল। অন্যদিক থেকে মাঝে মাঝে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছিল। বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর সকালে জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান করেছেন। অভিযোগ পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিপেঠায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিস্থিতি থমথমে।
সেখানে কয়েকটি জায়গায় ধরিয়ে দেওয়া আগুন জ্বলছিল। এ সময় মানিক মিয়া অ্যাভিনিউতে বিক্ষোভকারীদের দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সেখানে অবস্থান নিয়েছিলেন। ওদিকে আসাদগেট এলাকা থেকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এর আগে বিক্ষোভকারীদের একটি দলকে পুলিশ খামারবাড়ি মোড়ের দিকে, আরেকটি দলকে আসাদ গেট প্রান্তের দিকে সরিয়ে দিয়েছ।








