দু’বার হাজিরা এড়ানোয় ফের অর্জুনের বাড়িতে পুলিশ 

0
114
ছবি সৌজন্যে : নিজস্ব
ভাটপাড়ার বোমা-গুলি কাণ্ডে পর পর দু’বার পুলিশি নোটিস এড়ানোয় ফের অর্জুন সিংয়ের বাড়়িতে পৌঁছে গিয়েছে পুলিশ।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল পাঁচটার কিছু পরে দ্বিতীয়বার অর্জুন সিং-র বাড়িতে হাজির হয়েছে বিশাল পুলিশবাহিনী। সূত্রের খবর, পর পর দু’বার হাজিরা এড়ানোয় বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন সাংসদকে। টানা ১ ঘণ্টার বেশি সময় পুলিশ অর্জুন সিং-কে জিজ্ঞাসাবাদ করায় গ্রেফতারির জল্পনাও ছড়িয়ে পড়ে। পরে সাড়ে ৬ টা নাগাদ অর্জুনের বাড়ি থেকে বের হন পুলিশ কর্তারা। তবে জিজ্ঞাসাবাদের বিষয়ে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে ঘটনার খবর পেয়েই অর্জুন সিংয়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী।বুধবার রাত থেকে নতুন করে উত্তপ্ত ভাটপাড়া। রাতের অন্ধকারে কে বা কারা ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি চালিয়েছে বলে অভিযোগ। ওই ঘটনায় বৃহস্পতিবার সকাল ১০টায় অর্জুনকে তলব করেছিল পুলিশ। তা এড়ানোয় বেলাতে অর্জুনের বাড়িতে গিয়ে নোটিস ধরিয়ে আসে পুলিশ। দুপুর ২টোয় থানায় হাজির হওয়ার কথা বলা হয়েছিল। তবে অর্জুন সিং তা এড়িয়ে যান। এরপরই বিকেল পাঁচটা নাগাদ অর্জুনের বাড়িতে হাজির হয় বিশাল পুলিশবাহিনী। এর কিছু আগে সাংবাদিক বৈঠকে অর্জুন বলেছেন, পুলিশ ফাঁড়ির পাশেও একটা বাড়িতে বোমা পড়ল। অথচ তৃণমূলের অপরাধীদের আড়াল করতে পুলিশ তাঁকে বার বার নোটিস ধরাচ্ছে। তবু তিনি চ্যালেঞ্জ করছেন, ক্ষমতা থাকলে পুলিশ সিসিটিভি প্রকাশ্যে আনুক। সবটা স্পষ্ট হয়ে যাবে।
তবে বুধবার রাতের গুলি কাণ্ডে অর্জুন সিংকেই দায়ী করেছেন  স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। তাঁর অভিযোগ, অর্জুন ও তার দলবলই যে ভাটপাড়াকে উত্তপ্ত করছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে।