আসফাকুল্লার বাড়িতে তল্লাশি, পাল্টা হুঁশিয়ারি অনিকেতদের 

0
253
ছবি সৌজন্যে : নিজস্ব
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের শোকজের পর এবার আর জি কর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার কাকদ্বীপের গ্রামের বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা।
পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, পুলিশের পোশাক পরে বাড়িতে ভয় না দেখিয়ে সাহস থাকলে আর জি করে আসুন। রাজ্য সরকার প্রতিহিংসা পরায়ণ আচরণ অবিলম্বে বন্ধ না করলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা, জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও। তিনি বলেন, পুলিশ প্রতিহিংসা পরায়ণ আচরণ বন্ধ না করলে চিকিৎসকরাও ছেড়ে কথা বলবে না। তবে তল্লাশির বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। ঘটনার সূত্রপাত, পিজিটি হয়েও ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করছেন আসফাকুল্লা নাইয়া। সম্প্রতি এই অভিযোগ উঠেছিল জুনিয়র চিকিৎসক নাইয়ার বিরুদ্ধে। এ বিষয়েই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে জুনিয়র চিকিৎসক নাইয়ারকে শোকজ করা হয়েছে। সাতদিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। এরপরই বৃহস্পতিবার সকালে কাকদ্বীপে আসফাকুল্লার বাড়িতে পুলিশ তল্লাশি চালায় বলে অভিযোগ। আসফাকুল্লা বলেছেন, তিনি তো আর জি করে থাকেন। পুলিশের কিছু জানার থাকলে তাঁর কাছে আসতে পারতো। তা না করে ১০০ কিমি দূরে বাড়িতে গিয়ে তল্লাশির নামে বাড়ির লোককে হেনস্থা কেন।
আসফাকুল্লার আরও অভিযোগ, তিনি যেহেতু আরজি করের ধর্ষণ খুনের প্রতিবাদ আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তাই পুলিশকে বাড়িতে পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে।