
দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত মালদহের মোথাবাড়িতে যাওয়ার পথে ৩ কিলোমিটার আগেই বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারকে আটকেছে পুলিশ। মোথাবাড়ির ৩ কিলোমিটার আগেই আটকানো হয় সুকান্ত-সহ বিজেপি কর্মীদের।
বাধা পেয়ে সুকান্তর সঙ্গে রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। আগে থেকেই সুকান্তদের আটকাতে পরপর ব্যারিকেড দিয়ে তৈরি ছিল পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে এগোতে থাকেন বিজেপি কর্মীরা। এরপর সাদুল্লাপুরের কাছে ১০-১২ ফুট উচ্চতার বাঁশের দ্বিতীয় ব্যারিকেডে সুকান্তদের আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। মোথাবাড়িতে হামলার সময় পুলিশ কর্মীরা কোথায় ছিল? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। পুলিশমন্ত্রী হায় হায় স্লোগানও দেন বিজেপি কর্মীরা। রবিবার মোথাবাড়ি পৌঁছনোর ১০ কিলোমিটার আগে গাড়ি থেকে নামে সুকান্ত মজুমদার। মোথাবাড়ি থেকে ১০ কিলোমিটার আগেও পুলিশি ধরপাকড় ও নির্দোষদের গ্রেফতারি চলছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ পেয়ে গাড়ি থামিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন সুকান্ত মজুমদার। গ্রামে পুলিশ অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ সুকান্তর। তিনি বলেছেন, পুরুষদের তুলে নিয়ে যাচ্ছে, রাতে মহিলাদের অত্যাচার করছে পুলিশ। বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা এসে স্থানীয়দের থেকে অভিযোগ নেবেন ও তা জাতীয় মহিলা কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছেন সুকান্ত।
স্থানীয়দের কোনও অসুবিধা হলে বিজেপি কর্মীদের ফোন করে জানাতে বলেন সুকান্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোথাবাড়ির সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৯টি মামলা রুজু করা হয়েছে। গোটা এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।







