
যাদবপুরকাণ্ডে ১৬ জন ছাত্রছাত্রীকে পুলিশের তলবে থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ চালিয়েছেন বাম ছাত্রছাত্রীরা। ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা, শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন দেওয়ার অভিযোগে একাধিক এফআইআর হয়েছিল।
তার ভিত্তিতেই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১০ জন পড়ুয়াকে যাদবপুর থানায় ডেকে পাঠায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রছাত্রীরা ক্যাম্পাস থেকে মিছিল করে থানা চত্বরে যায়। সেখানেই অবস্থানে বসেন বাম ছাত্রছাত্রীরা। প্রথমে সাহিল আলি নামে যাদবপুরের প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনি জামিন পেয়েছেন। পরে উজান নামে আরেক ছাত্রকে গ্রেফতার করে। তাঁর মুক্তি এবং ছাত্রদের পুলিশি তলবের প্রতিবাদে মিছিল করে যাদবপুরের ছাত্রছাত্রীদের একাংশ।
এদিকে শিক্ষাবন্ধু সেলের অফিসে আগুন দেওয়ার অভিযোগে আলিপুর আদালতে জামিন পেলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজাদ কাশ্মীর পোস্টার লেখার অভিযোগে ফের সৌম্যদীপকে গ্রেফতারের আবেদন করেছে পুলিশ। স্বতঃপ্রণোদিত এফআইআর-এ গ্রেফতারের আবেদন করেছে পুলিশ।
