
কোনও পরিকল্পনা ছাড়াই ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস নামক নীতি প্রয়োগ করা হয়েছিল, সোমবার ইন্ডিগো-র বিমান বিভ্রাট নিয়ে এই দাবি করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পাইলট বা ক্রুদের বিশ্রামের প্রয়োজন, এই বিষয়টি তিনিও মনে করেন।
কিন্তু কোনও নতুন নীতি কার্যকর করতে হলে পরিকল্পনার প্রয়োজন রয়েছে। এই নীতি প্রয়োগের আগে সরকারের পরিকল্পনার উপরে জোর দেওয়া উচিত ছিল। মানুষের কাছে সময় খুব দামি। গত কয়েকদিন ধরে বহু যাত্রীকে হেনস্থা হতে হচ্ছে। সরকারের কাছে অনুরোধ, আগে পরিকল্পনা করুন। প্রয়োজনে বিকল্পের ব্যবস্থা করুন এবং সেই সুবিধা যাতে মানুষের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করুন। কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে তিনি বলেছেন, বিজেপি শুধু নির্বাচন নিয়ে ভাবে। মানুষের সুবিধা অসুবিধার কথা ভাবে না।
যাত্রীদের ভোগান্তির জন্য ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রকে। পাশাপাশি যাত্রীরা আদালতের দ্বারস্থ হতে পারেন, সে কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
