
বিশ্বজুড়ে হুমকির মুখে পোলিও টিকা কর্মসূচি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার সমন্বয়ে গঠিত গ্লোবাল পোলিও নির্মূল উদ্যোগ,জিপিইআই, ২০২৬ সালে তাদের বাজেটের ৩০ শতাংশ হ্রাস করার পরিকল্পনা করছে।
২০২৯ সালের মধ্যে ১.৭ বিলিয়ন ডলারের বড় তহবিলের ঘাটতির সম্মুখীন হতে চলেছে সংস্থাটি। এই বিশাল আর্থিক সঙ্কট বিশ্ব থেকে পোলিও নির্মূলের দীর্ঘদিনের প্রচেষ্টাকে মারাত্মকভাবে ঝুঁকিতে ফেলেছে।ডব্লিউএইচও’র পোলিও নির্মূল বিষয়ক পরিচালক জামাল আহমেদ জানিয়েছেন, তহবিলে এই উল্লেখযোগ্য হ্রাস,বোঝায় যে নির্দিষ্ট কিছু কার্যক্রম আর করা সম্ভব হবে না।কর্মকর্তারা জানিয়েছেন, মূলত বিদেশি সহায়তার হ্রাস বিশেষ করে আমেরিকার কাছ থেকে কম অর্থ আসা এই ঘাটতির প্রধান কারণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে দেশটি ডব্লিউএইচও থেকে নিজেদের সমর্থন কিছুটা কমিয়েছে। জার্মানি এবং ব্রিটেনের মতো অন্যান্য প্রধান দাতারাও তাদের আর্থিক অবদান কমিয়ে দিয়েছে।তবে, জামাল আহমেদ আশাবাদী।
তিনি বলেছেন, নির্মূল এখনও সম্ভব এবং এটি করা যেতে পারে। আমরা চাই সবাই প্রতিশ্রুতিবদ্ধ থাকুক এবং নিশ্চিত করুক যে কোনো শিশুই যেন বাদ না পড়ে।অন্যদিকে তহবিলের সঙ্কট মোকাবেলায় জিপিইআই তাদের সম্পদ নজরদারি এবং উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে টিকাকরণের উপর জোর দেওয়ার পরিকল্পনা করছে। তারা হামের মতো অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির সাথেও আরও নিবিড়ভাবে কাজ করবে।
