
পোলিয়ো টিকাকরণের জন্য গাজ়ায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ইজ়রায়েল এবং প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাস। এমনটাই জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তরফে।
হু-এর এক আধিকারিক জানিয়েছেন,গাজ়াকে তিনটি বা চারটি অঞ্চলে বিভক্ত করে দিনের নির্দিষ্ট একটি সময়ে হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুযুধান দু’ পক্ষ। যুদ্ধবিরতির মেয়াদ তিন থেকে চার দিন হতে পারে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত হামাস কিংবা ইজ়রায়েল আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেনি।হু-এর আধিকারিক জানিয়েছেন পোলিয়োর টিকাকরণ প্রথমে শুরু হবে মধ্য গাজ়ায়। তার পর হবে দক্ষিণ গাজ়ায়।একদম শেষে টিকাকরণ চলবে উত্তর গাজ়ায়। যখন যে অঞ্চলে টিকাকরণ চলবে, সেখানে তিন দিন যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। প্রয়োজনে এটি চার দিন হতে পারে। প্রতি দিন সকাল ৬টা থেকে দুপুর ৩টে পর্যন্ত টিকাকরণ কর্মসূচি চলবে। হু-এর অন্যতম শীর্ষ আধিকারিক রিক পিপারকর্ন জানিয়েছেন, এই সময়ে কোনও পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা চালাবে না।হু-এর একটি সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে টিকাকরণ কর্মসূচির জন্য একটি করে দিনই ধার্য হয়েছিল।পরে দেখা যায়, আরও দু’দিন হাতে না পাওয়া গেলে টিকাকরণ কর্মসূচি অসম্পূর্ণ থেকে যাবে।
