
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের তামিলাগা ভেত্রি কাঝাগামকে রাজনৈতিক দলের স্বীকৃতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার থেকে ভোট ময়দানে রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে টিভিকে।
রবিবার অনুরাগীদের এই খবর জানিয়েছেন থালাপতি বিজয়।এক্স হ্যান্ডলে অভিনেতা জানিয়েছেন, তামিলাগা ভেত্রি কাঝাগামকে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশনের জন্য চলতি বছরের ২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে। রাজনৈতিক দল হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছে। সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে, তার প্রথম দরজা খুলে গেল। তামিলনাড়ুর মানুষের জন্য তাঁর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ২০০৯ সালে নিজের ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ইয়াক্কামের প্রতিষ্ঠা করেন থালাপতি বিজয়। তাঁর এই ফ্যান ক্লাব সংগঠন ২০১১ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে-কে সমর্থন জানায়। ২০২১ সালে তামিলনাড়ুর বিভিন্ন পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। ১৬৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১১৫টি আসনে জয়ী হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেন তিনি।
