খেজুরিতে জোড়া মৃত্যু, শুভেন্দুর দাবি খুন, তৃণমূল বলল দুর্ঘটনা

0
275
ছবি সৌজন্যে : নিজস্ব

দু’জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার ভাঙনমারি গ্রামে। পরিবারের দাবি, খুন হয়েছেন দু’জন। যদিও পুলিশ এ নিয়ে স্পষ্ট কোনও বিবৃতি দেয়নি।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জোড়া খুনের প্রতিবাদে আগামী সোমবার বন্‌ধের ডাক দিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, মহরম উপলক্ষে শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভাঙনমারি এলাকায়। সকালে অনুষ্ঠানস্থলের অনতিদূরে দু’জনের দেহ উদ্ধার হয়। তাঁরা স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। এক জনের নাম সুধীর পাইক, অন্য জনের নাম সুজিত দাস। মৃতদের পরিবারের দাবি, দু’জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যদিও অনুষ্ঠানের আয়োজকদের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। একই দাবি করেছে তৃণমূল। ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক।

অন্যদিকে, তৃণমূলের জেলা কমিটির সদস্য শ্যামল মিশ্রের দাবি, নিছক দুর্ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার করছে বিজেপি।