
পুণের পোর্শেকাণ্ডের ঘটনায় অভিযুক্তের বয়স ১৮-এর কম হওয়ায় নাবালক হিসেবেই তাঁর বিচার হবে বলে জানিয়ে দিয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ড। ২০২৪ সালের ১৭ মে পুণের রাস্তায় বিলাসবহুল পোর্শে গাড়ির ধাক্কায় মারা যান দুই তরুণ তথ্যপ্রযুক্তি কর্মী। ঘটনায় আঙুল ওঠে রিয়্যাল এস্টেট ডেভেলপার বিশাল আগরওয়ালের ছেলের বিরুদ্ধে।
অভিযোগ ওঠে, বাবার আড়াই কোটির সুপার কার নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল ব্যবসায়ী পুত্র। অপ্রাপ্তবয়স্ক হলেও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময়েই ঘটে দুর্ঘটনাটি।পুণের পোর্শেকাণ্ড ঘটনার প্রায় দু’মাস পর আদালতে ৯০০ পাতার চার্জশিট জমা দিয়েছিল পুণে পুলিশ। সেই চার্জশিটে সাতজনকে অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হলেও, নামই নেই সেই অভিযুক্ত কিশোরের। পুলিশ সূত্রে খবর, চার্জশিটে ৫০ জন সাক্ষীর বয়ান উল্লেখ করা হয়েছে।
তবে যাদের অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। চার্জশিটে কিশোরের বাবা-মা, সসুন জেনারেল হাসাপাতালের দুই চিকিৎসক, এককর্মী এবং আরও দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনাস্থল, ফরেন্সিক রিপোর্ট এবং ডিএনএ রিপোর্টও উল্লেখ করা হয়েছে ওই চার্জশিটে।








