৯-১ গোলের জয়, বিশ্বকাপে পর্তুগাল

0
191
ছবি সৌজন্যে : এক্স

ব্রুনো ফার্নান্দেস ও হোয়াও নেভেসের জোড়া হ্যাটট্রিকে আর্মেনিয়াকে ৯-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল।

দারুণ আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে রবার্তো মার্তিনেজের দল।আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে অপ্রত্যাশিত হারের পর সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে জয়ের কোনো বিকল্প ছিল না পর্তুগালের। রেনাতো ভেইগার হেডে দ্রুতই এগিয়ে যায় দলটি।যদিও ১৮ মিনিটে এদুয়ার্দ স্পের্তস্যানের গোলে সমতায় ফেরে আর্মেনিয়া, এরপর আর কোনো সুযোগই পায়নি অতিথিরা।২৮ মিনিটে গনসালো রামোসের গোল দলকে আবারও এগিয়ে দেয় পর্তুগালকে।এরপর নেভেসের টানা দু’ গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হাফটাইমের ঠিক আগে রুবেন দিয়াজকে ফাউল করা হলে স্পট কিক থেকে ব্যবধান বাড়ান ফার্নান্দেস।বিরতির পরেও গোল উৎসব থামেনি। নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন ফার্নান্দেস। কিছুক্ষণ পর কার্লোস ফোর্বস ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা।নেভেসও পিছিয়ে থাকেননি।ডি-বক্সে ফাঁকা জায়গা পেয়ে বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি।

ম্যাচের অতিরিক্ত সময়ে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোল নিশ্চিত করে পর্তুগালের ৯-১ গোলের বিশাল জয়।এই জয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো পর্তুগালের। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে খেলতে পারা নিয়ে শঙ্কায় আছেন ক্রিস্তিয়ানো রোনালদো।