
চীনে তিন দিনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে বেজিং ছেড়ে আমেরিকা ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্থানীয় সময় দুপুরে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ান উড়ান দেয়।
বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি সংক্ষিপ্ত বিদায়ী অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় নীল পোশাক পরা লোকজন আমেরিকা ও চীনের পতাকা নাড়িয়ে তাকে বিদায় জানায় এবং করতালি দিয়ে উৎসাহ প্রকাশ করে। এদিকে এই সফরকে দু’ দেশের সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বিভিন্ন বিরোধ ও মতপার্থক্য কমানোর লক্ষ্যেই ট্রাম্প চীনে সফর করেন। সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একাধিক বৈঠক করেন। তিন দিনের এই সফরে বৈঠকগুলোতে বাণিজ্য, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায়, এক্সে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও ডোনাল্ড ট্রাম্প নতুন একটি লক্ষ্য নির্ধারণে একমত হয়েছেন। সেই লক্ষ্য হলো- কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক চীন – আমেরিকা সম্পর্ক তৈরি করা। বিবৃতিতে বলা হয়েছে, আগামী তিন বছর এবং তার পরবর্তী সময়েও এই লক্ষ্য দুই দেশের সম্পর্ককে দিকনির্দেশ দেবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, দুই প্রেসিডেন্টের বৈঠক পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সাহায্য করেছে।








