
বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে সন্ধান চাই পোস্টার পড়েছে তাঁরই বিধানসভা এলাকায়। বিধানসভা ভোটের পর থেকে এলাকায় বিধায়কের দেখা মেলে না বলে অভিযোগ জানানো হয়েছে পোস্টারে।
পোস্টারের নীচে লেখা রয়েছে, তৃণমূল কংগ্রেস সম্মান রক্ষা কমিটি। এই নামে তৃণমূলের কোনও সাংগঠনিক শাখা নেই। পোস্টারে একটি ফোন নম্বরও দেওয়া আছে। যার কোনও অস্তিত্ব নেই। তা হলে কে বা কারা পোস্টার সাঁটালেন, তৃণমূলের কেউ। না কি বিরোধী শিবির। তা নিয়ে চাপানউতর তৈরি হয়েছে বসিরহাটের রাজনীতির অন্দরমহলে। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুরারিশায় বাড়ি বিধায়কের।
শনিবার সকালে সেই মুরারিশাতেই বিভিন্ন জায়গায় বিধায়কের ছবি-সহ এই ধরনের পোস্টার পড়েছে। বিতর্কিত পোস্টার পড়েছে মুরারিশা চৌমাথায়। তা ছাড়া বিধায়কের অফিস এবং তাঁর বাড়ির আশপাশেও পোস্টার দেখা গিয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব








