
ব্যবহারকারীকে না জানিয়েই সোশাল মিডিয়া থেকে তাঁর পোস্ট মুছে দেওয়া হচ্ছে। বন্ধ করে দেওয়া হচ্ছে অনেকের অ্যাকাউন্ট। এ বিষয়ে নোটিস দিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। অভিযোগ, কেন্দ্রের নির্দেশেই এক্স কিংবা ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি বিভিন্ন পোস্ট মুছে দেয়। কোনও পোস্ট বা ব্যবহারকারীর বিরুদ্ধে পদক্ষেপের আগে তাঁকে জানানোর প্রয়োজন মনে করে না।
আদালত জানিয়েছে, পরবর্তী শুনানির আগে এ বিষয়ে কেন্দ্রকে তাদের অবস্থান জানাতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে যখন তখন পোস্ট মোছা বা অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল সফ্টওয়্যার ফ্রিডম ল সেন্টার। বিচারপতি বিআর গভই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্-এর বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে।
আদালত জানিয়েছে, সোশ্যাল মিডিয়া কোনও পোস্টে কেন্দ্রের আপত্তি থাকলে যদি সেই পোস্টদাতাকে শনাক্ত করা যায়, তবে তার কাছে নোটিস দিয়ে বিষয়টি জানানো দরকার। তার পর ওই পোস্ট বা তাঁর অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।
