
পাওয়ার অফ অ্যাটর্নি বা জমি বিক্রি সংক্রান্ত চুক্তিপত্র আদৌ কোনও সম্পত্তির মালিকানার প্রমাণ হতে পারে না। সম্পত্তির মালিকানা পেতে গেলে চাই বিক্রির বৈধ দলিল। একটি মামলায় সম্প্রতি এমনটাই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী ওই দলিলের নথিভুক্তিকরণও প্রয়োজন বলে জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা আদালত এবং দিল্লি হাই কোর্টের নির্দেশকে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিবাদের মামলায় রায় গিয়েছে দাদার পক্ষে। দিল্লির রমেশ চন্দ এবং সুরেশ চন্দের মধ্যে বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিবাদের সূত্রপাত। সুরেশ দাবি করেন, তাঁদের বাবা কুন্দল লাল মৃত্যুর আগে পারিবারিক সম্পত্তি তাঁর কাছে বিক্রি করে দিয়ে গিয়েছেন। এই বক্তব্যের সপক্ষে তিনি বৈধ বিক্রয়ের চুক্তি, জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি এবং হলফনামা আদালতে পেশ করেন। ভাইয়ের এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন দাদা রমেশ। কিন্তু প্রথমে নিম্ন আদালতে এবং পরে দিল্লি হাই কোর্টে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এর পর রমেশ সুপ্রিম কোর্টে মামলা করেন।
শীর্ষ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। আদালত জানিয়েছে, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন এবং ১৯২৫ সালের ভারতীয় উত্তরাধিকার আইন অনুযায়ী, স্থাবর সম্পত্তির মালিকানা নিশ্চিত হয় কেবল বিক্রির বৈধ দলিলের মাধ্যমেই। এ ক্ষেত্রে কোনও পাওয়ার অফ অ্যাটনি, বিক্রির চুক্তি বা বিক্রয়ের সম্মতিপত্র গ্রাহ্য হওয়ার কথা নয়।






