
ও যা করেছে, তার ফল পেয়েছে! এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে এমনই বলেছেন বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুন কাণ্ডে অন্যতম অভিযুক্ত মৃত প্রভাস মণ্ডলের মা।
একইসঙ্গে সন্ধ্যা মণ্ডল-র সাফ বার্তা ছেলের দেহও নেবেন না তিনি। বুধবার ভোরেই পুলিশ এসে ছেলের মৃত্যুর খবর দিয়ে গিয়েছে। আই কার্ডও চেয়েছে। ছেলেকে দেখতে যাবেন কি না, তা-ও জানতে চেয়েছিল পুলিশ। কিন্তু যেতে চাননি। শুধু তা-ই নয়, জানিয়ে দিয়েছেন, ছেলের দেহ দেখবেন না, তাঁর দেহ নিতেও যাবেন না। মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে প্রভাসের। ঘটনার পুনর্নির্মাণে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, সেই সময় সঙ্গে থাকা পুলিশকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এক রাউন্ড গুলি চালান বলেও পুলিশের দাবি।
আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই গুরুতর আহত হন প্রভাস। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।








