
আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে, এই মর্মে খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত প্রদীপ করের ভাইয়ের স্ত্রী।
একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। প্রদীপ করের ডান হাতের চারটে আঙুল না থাকায় সুইসাইড নোট কিভাবে লিখলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। – বিতর্ক শুরু হতে প্রদীপ করের সুইসাইড নোটের ফরেন্সিক পরীক্ষা হবে বলে জানিয়েছে পুলিশ। মৃত প্রদীপ করের আগের কোনও হাতের লেখার সঙ্গে সুইসাইড নোটের লেখা মিলিয়ে দেখা হবে। এনআরসি আতঙ্কে আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের মৃত্যুর অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রদীপ করের বিচারের দাবিতে জাস্টিস ফর প্রদীপ স্লোগান দিয়ে পথে নামার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ তারিখ তিনি নিজেও পথে নামবেন।
ইতিমধ্যেই জয়নগরে জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তুলে পথে নেমেছে তৃণমূলের নেতকর্মীরা।




