
একের পর এক ধাক্কা তৃণমূল কংগ্রেসে। রাজ্যসভায় ফের ধস তৃণমূল শিবিরে। জল্পনায় সিলমোহর দিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে এবার পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বরাইক। চলতি সপ্তাহে সোম থেকে বৃহস্পতির মধ্যে রাজ্যসভার তৃতীয় তৃণমূল সাংসদ হিসেবে ইস্তফা দিলেন তিনি।
সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পর এবার প্রকাশ চিক বরাইক। বৃহস্পতিবার দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পদত্যাগ পত্র জমা দেন আলিপুরদুয়ারের সুপরিচিত এই নেতা। এর সঙ্গেই রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ১০-এ।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলে শুরু হয়েছে বেনজির ভাঙন। ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিধানসভায় পরিষদীয় দলে ভাঙন দেখা দিয়েছে। সেই ব্লকে বিধায়ক সংখ্যা এখন ৬৪ জন। লোকসভার সংসদীয় দলেও একই ধাঁচে তৈরি হয়েছে নতুন তৃণমূল কংগ্রেস । সংসদের নিম্নকক্ষে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এনডিএ-তে শামিল হওয়ার চিঠি দিয়েছেন ২০ জন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, চলতি সপ্তাহে আরও এক এবং আগামী সপ্তাহে আরও দু’তিন জন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করতে পারেন।
