সাহিত্য অকাদেমি পাচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়

0
120
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন বাংলা কবিতার স্বতন্ত্র স্বর বালি ও তরমুজ-এর কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়। শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটির জন্য এই সম্মান পেতে চলেছেন তিনি। বাংলার কাব্যজগতে উত্তর কলকাতার কবিতা-র কবি হিসাবে অধিক পরিচিত প্রসূন।

সোমবার বাংলা-সহ ২৪টি ভাষায় পুরস্কার ঘোষণা করেছে সাহিত্য অকাদেমি কর্তৃপক্ষ।এর মধ্যে রয়েছে ছ’টি ছোটগল্পের বই, একটি প্রবন্ধের বই, একটি সমালোচনা সাহিত্যের বই, একটি আত্মজীবনী, দু’টি স্মৃতিকথা সংক্রান্ত বই এবং ৮টি কবিতার বই। এই তালিকাতেই রয়েছেন বাংলা ভাষার প্রতিনিধি গত শতাব্দীর সাতের দশকের অন্যতম প্রধান কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ও।

সাতের দশকে প্রকাশিত প্রসূন বন্দ্যোপাধ্যায় রচিত বালি ও তরমুজ কাব্যগ্রন্থটি পাঠকমহলে আলোড়ন ফেলে। শুরুতেই স্বতন্ত্র এবং গভীর স্বরে নিজেকে আলাদা করে চেনান এই কবি।পরবর্তীকালে উত্তর কলকাতার কবিতা বাংলা কবিতায় স্থায়ী আসন দিয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে উন্মেষ গোধূলি, বঙ্গীয় চতুর্দশপদী, আনন্দভিখিরি, অভিসময় কালী ইত্যাদি।