
২০২৪-র লোকসভা নির্বাচনে যাঁর বিরুদ্ধে লড়েছিলেন, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। তৃণমূলে যোগ দিয়েই প্রতীক উর বলেছেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ভরসা তৃণমূলই।
গত লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ডায়মণ্ড হারবার লোকসভায় সিপিএমের প্রতীকে লড়েছিলেন প্রতীক উর। তিনি যোগ দেওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রতীক উর ভোটে লড়ার টিকিট চাননি। সংগঠনের কাজ করতে চেয়েছেন। এদিকে তৃণমূলে যোগ দিতেই প্রতীক উরকে বহিষ্কার করেছে সিপিএম। শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিকেলেই পৌঁছে গিয়েছিলেন প্রতাক উর। এর আগে দুপুরেই আমতলার অফিসে দলীয় কর্মীদের সঙ্গে একপ্রস্ত বৈঠক সারেন দলের সাধারণ সম্পাদক।
এর কিছু পরে প্রতীক উরকে সঙ্গে নিয়ে বাইরে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতীক উর সিপিএমের রাজ্য, জেলা কমিটি এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে মহম্মদ সেলিমকে চিঠি দিয়েছিলেন।
