হাওড়ায় লঞ্চ থেকে গঙ্গায় পড়ে তলিয়ে গেলেন প্রৌঢ়া 

0
395

ভাইফোঁটার দিনে স্বামী, মেয়ে এবং জামাইয়ের সঙ্গে মিলেনিয়াম পার্কে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে হাওড়ায় লঞ্চ থেকে জেটিতে নামতে গিয়ে গঙ্গায় তলিয়ে গিয়েছেন এক প্রৌঢ়া।

পুলিশ সূত্রে খবর, শেফালি কর নামে ৫৫ বছরের প্রৌঢ়ার খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, রবিবার পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন শেফালি কর। মিলিনিয়াম পার্ক দেখার পর ফেয়ারলি ঘাট থেকে লঞ্চে চেপে হাওড়া ফেরি ঘাটে আসছিলেন তাঁরা। সন্ধ্যা ৬টা নাগাদ লঞ্চ থেকে জেটিতে নামতে গিয়ে লঞ্চ এবং জেটির মাঝখানের ফাঁক গলে গঙ্গায় তলিয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরা নদীতে ঝাঁপ দিয়ে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রিভার ট্র্যাফিক পুলিশ। তারা তল্লাশি শুরু করেছে।

এখনও পর্যন্ত ওই মহিলাকে খুঁজে পাওয়া যায়নি। ওই মহিলার আত্মীয়-পরিজনেরাও লঞ্চ ঘাটে পৌঁছেছেন।চোখের সামনে দুর্ঘটনা ঘটায় কার্যত ভেঙে পড়েছেন ওই পরিবার।

ছবি  সৌজন্যে : নিজস্ব