
ওল্ড ট্র্যাফোর্ডে এক ক্লাসিক প্রিমিয়ার লিগ ম্যাচের সাক্ষী হলো ফুটবলপ্রেমীরা। একাধিকবার লিড বদল, টানা আক্রমণ-প্রতিআক্রমণ আর শেষ মুহূর্তের নাটক, কী ছিল না আট গোলের এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ে।
শেষ পর্যন্ত ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথ।ম্যাচের উত্তেজনায় খানিকটা আড়ালে পড়ে যায় ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের কৌশলগত পরিবর্তন।পাঁচজনের রক্ষণে সামান্য রদবদল করে আমাদ দিয়ালোকে এগিয়ে খেলানোর সিদ্ধান্ত নেন তিনি। সেই সিদ্ধান্তের সুফলও মেলে দ্রুত। ম্যাচের ১৩ মিনিটে কাছ থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আইভোরিয়ান উইঙ্গার।এরপর ৪০ মিনিটে বোর্নমাউথ সমতা ফেরালেও বিরতির ঠিক আগের মুহুর্তে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরোর গোলে ২-১ ব্যবধানে লিড নেয় রেড ডেভিলরা।দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র সাত মিনিটের মধ্যেই ম্যাচের চিত্র পাল্টে দেন বোর্নমাউথের এভানিলসন ও মার্কাস ট্যাভার্নিয়ার। তাদের জোড়া গোলে পিছিয়ে পড়ে রেড ডেভিলরা।তবে নাটক এখানেই শেষ নয়। মাত্র দু’ মিনিটের ব্যবধানে ব্রুনো ফের্নান্দেসের ফ্রি-কিক ও মাতেউস কুনহার গোলে আবারও ম্যাচে নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড।
৪-৩ গোলে এগিয়ে থাকা ইউনাইটেডের খেলা দেখে মনে হচ্ছিল, জয় বুঝি হাতের মুঠোয়। কিন্তু ৮৪ মিনিটে ১৯ বছর বয়সী এলি জুনিয়র ক্রুপির জোরালো শটে সমতায় ফেরে বোর্নমাউথ।সেই গোলেই নিশ্চিত হয় আট গোলের থ্রিলার থেকে দু’ দলের এক পয়েন্ট করে পাওয়া। এই ড্রয়ে ইপিএল টেবিলের শীর্ষ পাঁচে ওঠার সুযোগ হাতছাড়া হলো ম্যানচেস্টার ইউনাইটেডের।
