
আর জি করকাণ্ডের পর রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে প্রশ্ন তুলে রাজভবনে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনই খবর বিধানসভা সূত্রে।
বিলটি রাজভবন থেকে বিধানসভার সচিবালয়ে যাবে এবং সেখান থেকে পাঠানো হবে নবান্নে। রাষ্ট্রপতি ভবন যে সব বিষয়ে রাজ্যপালের কাছে ব্যাখ্যা চেয়েছেন, সেই বিষয়ে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চাইবে রাজভবন। বিলে মৃত্যুদণ্ড নিয়ে আপত্তি রয়েছে কেন্দ্রের।অপরাজিতা বিলে বিএনএস-র ৬৪ ধারার থেকেও কড়া শাস্তির প্রস্তাব রয়েছে। ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাবে আপত্তি রয়েছে কেন্দ্রের। বিলে প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর এবং সামঞ্জস্যহীন বলে মনে করছে কেন্দ্র। আর জি করকাণ্ডের পর গত বছর ৩ সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ, পাস হয়। প্রস্তাবিত বিল বিএনএস-র ৬৫ ধারা বিলোপের কথা বলা হয়েছে। এই বিল কেন্দ্রের আইনের পরিপন্থী। এই বিল কার্যকর হলে ১৬ এবং ১২ বছরের কমবয়সীদের ধর্ষণের ক্ষেত্রে ধর্ষণের শাস্তির স্তর বিন্যাস বাতিল হবে। একে শাস্তি দেওয়ার ক্ষেত্রে নীতি বিরুদ্ধ বলে মনে করছে কেন্দ্র। বিলে নিযাতিতার মৃত্যু বা কোমায় চলে গেলে ফাঁসির সাজা বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। এব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আপত্তির কথা জানিয়েছে।
পর্যবেক্ষণ সহ বিষয়টি খতিয়ে দেখার জন্য ফেরত পাঠানো হয়েছে বিল। অপরাজিত বিল ফেরত পাঠানো নিয়ে এমনই দাবি রাজভবনের। অপরাজিতা বিল ফেরত পাঠানোর বিষয়টি সামনে আসতেই তৃণমূল বিজেপি তরজা শুরু হয়েছে।






