
চার দিনের দ্বিপাক্ষিক সফরে ভারতে এসেছেন মলদ্বীপের প্রেসি়ডেন্ট মহম্মদ মুইজ্জু। রবিবার বিকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছন তিনি।
মহম্মদ মুইজ্জুর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাজিদা মহম্মদ। ১০ অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন তিনি। গত চার মাসে এটি তাঁর দ্বিতীয় ভারত সফর। যদিও দ্বিপাক্ষিক সফরে এই প্রথম ভারতে এসেছেন তিনি। এর আগে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর নতুন মন্ত্রিসভার শপথগ্রহণে আমন্ত্রিত ছিলেন তিনি। অক্টোবরে চার দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, সরকারের বেশ কয়েকজন শীর্ষ আমলার সঙ্গেও আলোচনায় বসতে পারেন মহম্মদ মুইজ্জু। বিদেশমন্ত্রক সূত্রে খবর, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে পরস্পরের স্বার্থ জড়িত এমন একাধিক বিষয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হতে পারে তাঁর। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে উল্লেখ করেছে, ভারত মহাসাগরীয় অঞ্চলে মলদ্বীপ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। আর প্রধানমন্ত্রী যে প্রতিবেশী রাষ্ট্রগুলিকে গুরুত্ব দেন। সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্ককে মসৃণ করতে সচেষ্ট হয়েছে মলদ্বীপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে দেশে এসে একান্তে কথা বলেছিলেন মহম্মদ মুইজ্জু। সম্প্রতি ভারতে এসেছিলেন মলদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়জল। ভারতীয় পর্যটকদের আবার মলদ্বীপ ভ্রমণের আহ্বান জানাতে রোড শো করেছেন।
