
বেজিংয়ে শুরু হতে চলেছে শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ৩৬ ঘণ্টার বহুচর্চিত ‘সুপারপাওয়ার সামিট’। বুধবারই চিনের রাজধানীতে এসে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর সঙ্গে এসেছেন ১৭ টি আমেরিকান কর্পোরেট সংস্থার শীর্ষ কর্তারা।
আর এই সফরের সবচেয়ে বড় চমক বলা হচ্ছে ট্রাম্পের এই সফর সঙ্গীদেরই। যাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ গোটা বিশ্বকে চমকে দেওয়ার মতো। ট্রাম্পের সঙ্গে থাকা এই ১৭টি আমেরিকান সংস্থার মোট বাজারদর ১৬.৪৭ ট্রিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার হিসাব করলে দাঁড়ায় ১৫৭.৫৫ কোটি টাকা।
এই বিপুল পরিমাণ অর্থ চিনের ২০২৫ সালের জিডিপি-র প্রায় ৮২ শতাংশ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, জার্মানির জিডিপি-র প্রায় চারগুণ। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, বিশ্বের ইতিহাসে কোনও রাষ্ট্রীয় সফরে পুঁজির এমন সর্ববৃহৎ সমাবেশ এর আগে কখনও দেখা যায়নি। এই হাই প্রোফাইল দলে রয়েছেন টেসলার ইলন মাস্ক অ্যাপলের টিম কুক। মার্ক জুকারবার্গের বদলে প্রতিনিধিত্ব ফেসবুকের প্যারেন্ট সংস্থা, মেটা-র প্রতিনিদিত্ব করছেন দিনা পাওয়েল ম্যাককর্মিক। পাশাপাশি, বোয়িংয়ের কেলি ওর্টবার্গ এবং ব্ল্যাকরক, গোল্ডম্যান স্যাক্স, সিটি ও ব্ল্যাকস্টোনের মতো শীর্ষস্থানীয় অর্থনৈতিক সংস্থার কর্তারাও এই দলে শামিল হয়েছেন।








