
আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্যে কী কী পদক্ষেপ করেছে তৃণমূল সরকার, যাবতীয় তথ্য তুলে ধরার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে পারলো না তৃণমূলের প্রতিনিধিদল।
এই মর্মে গত সপ্তাহে একটি চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। কিন্তু তখন সময় দেননি রাষ্ট্রপতি। যার ফলে ফের দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠাল পাঠিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল। উল্লেখ্য সম্প্রতি রাষ্ট্রপতির বঙ্গ সফর নিয়ে বিতর্ক হয়েছে। তারপর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দেওয়ার জন্যে দলের সাংসদদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রাজ্যে তফসিলি জাতি, জনজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের জীবনের মান উন্নয়ন করতে পরিকাঠামো নির্মাণ, জীবনযাত্রায় সহায়তা, সামাজিক সুরক্ষা এবং শিক্ষায় পশ্চিমবঙ্গ সরকার ‘যে দৃষ্টান্তমূলক পদক্ষেপ’গুলি করেছে তা রাষ্ট্রপতিকে জানানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।সেই মতো গত সপ্তাহেই চিঠি দিয়ে রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু রাইসিনা হলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে রাষ্ট্রপতির সময় নেই।খবর, দ্বিতীয় চিঠিতে তৃণমূলের তরফে বলা হয়েছে, ১২-১৫ জন সাংসদের একটি প্রতিনিধিদল দেখা করতে চায় রাষ্ট্রপতির সঙ্গে। আগামী সপ্তাহের সময় দেওয়ার আবেদন জানানো হয়েছে সেই চিঠিতে।
