
দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় বন্দুকবাজের হামলা। সভায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করে পর পর গুলি। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ৩৯ বছর বয়সি ডেমক্রেটিক সেন্টার পার্টির নেতা মিগুয়েল উড়িব শনিবার বগোটার একটি পার্কে সভা করছিলেন। ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। তখনই এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মঞ্চেই লুটিয়ে পড়েন মিগুয়েল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা সঙ্কটজনক। মিগুয়েলের গলায় এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিগুয়েল একজন পদপ্রার্থী ছিলেন। তদন্তকারীদের অনুমান রাজনৈতিক শত্রুতার জেরেই তাঁর উপর হামলা হয়েছে।









