ফের সিআইডি জেরা অর্জুনকে, বিশেষ চশমা পরে হাজিরা

0
166
ছবি সৌজন্যে : নিজস্ব
আগেই অভিযোগ করেছিলেন রাশিয়ান কেমিক্যাল স্প্রে করে তাঁকে মারার চক্রান্ত হচ্ছে, বৃহস্পতিবার দেখা গেল চোখে বিশেষ চশমা পরে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অর্জুন সিং।
নিজেই জানিয়েছেন রাশিয়ান কেমিক্যাল স্প্রে নিয়ে তিনি একেবারেই আতঙ্কিত নন। স্রেফ আগাম সতর্কতা নিয়েছেন। ভবিষ্যতে তথ্য দিয়ে প্রমাণ করে দেবেন বলে জানিয়েছেন। ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার সিআইডির তলবে আবারও ভবানীভবনে হাজিরা দিয়েছেন অর্জুন সিং। সেখানে ৩ ঘণ্টারও বেশি জেরার পর ভবানী ভবন থেকে বেরিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেছেন একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে। কোর্টের তরফে রক্ষাকবচ রয়েছে, তা না হলে গ্রেফতার করতে পারত। আগামী দিনে ফের ডাকলে কোর্টের নির্দেশমত আসার হলে আসবেন। এর আগে এই মাসের মাঝামাঝি টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন সিংকে ভবানী ভবনে ডেকে জেরা করেছিল সিআইডি।
২০১০ থেকে ২০১৯ পর্যন্ত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। এরপর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপরেই ওই পুরসভার সাড়ে ৪ কোটি টাকার টেন্ডার দুর্নীতি নিয়ে সিআইডি তদন্ত শুরু করে।