
মলদ্বীপের ৬০ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠান শুরু হয়েছে ২১টি তোপধ্বনি এবং মলদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে। শনিবার মলদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কোয়ারে আয়োজিত ৬০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে উদযাপনটি শেষ হয়েছে। এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মলদ্বীপের উপ-রাষ্ট্রপতি হুসেন মহম্মদ লতিফের সাথে একটি বৈঠক করেছেন।
দুই নেতা ভারত-মলদ্বীপ বন্ধুত্বের মূল স্তম্ভগুলি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে অবকাঠামো, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, শক্তি এবং আরও অনেক কিছুর উপর আলোকপাত করা হয়। অন্যদিকে, পৃথক এক বৈঠকে প্রধানমন্ত্রী পিপলস মজলিস, মলদ্বীপ পার্লামেন্ট-র স্পিকার আব্দুল রহিম আবদুল্লাহর সাথে আলোচনা করেছেন।






