
বাংলায় বিধানসভা ভোটের আরও ৮ মাস বাকি। তার আগে গত চার মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কলকাতায় তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি, সেই সঙ্গে দমদম সেন্ট্রাল জেল ময়দানে সভাও করবেন প্রধানমন্ত্রী।
বিকালে দমদম বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। এবারের সফরে প্রধানমন্ত্রী মোদী মোট তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত রুটের উদ্বোধন করবেন। নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত মেট্রোপথ হলেও আপাতত নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ-এই তিনটি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে।হাওড়া মেট্রো স্টেশনের নতুন সাবওয়েরও উদ্বোধন করবেন তিনি। তা ছাড়া কোনা এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
১,২০০ কোটি টাকা খরচ করে ৭.২ কিমি দীর্ঘ ৬ লেনের উড়াল রাস্তা তৈরি হবে এই প্রকল্পের আওতায়, যা কলকাতা-হাওড়ার মধ্যে দ্রুত সংযোগ তৈরি করবে। প্রসঙ্গত, উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তাঁর সভামঞ্চ পরিদর্শনে যান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজমদার।








