
আয়কর বিল পেশের আগে রাজ্যসভায় জবাবি ভাষণে মধ্যবিত্তের মন ছোঁয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, গত এক দশকে কেন্দ্রের বিজেপি সরকার মধ্যবিত্তের কথা মাথায় রেখে সব সিদ্ধান্ত নিয়েছে।
তবে প্রায় দেড় ঘণ্টার বক্তৃতায় দিল্লির ভোটের প্রসঙ্গে একটি শব্দও ব্যবহার করেননি তিনি। তাঁর বক্তব্য, কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগের কারণে দরিদ্র শ্রেণির মানুষকে মধ্যবিত্তের পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়েছে। দরিদ্র থেকে মধ্যবিত্ত শ্রেণিতে উঠে আসা মানুষদেরই তিনি ব্যাখ্যা করছেন নব্য মধ্যবিত্ত বলে। মোদীর কথায়, কেন্দ্রীয় সরকার মধ্যবিত্ত এবং নব্য মধ্যবিত্তের পাশে সব সময় রয়েছে। রাজ্যসভায় মোদীর বক্তৃতায় উঠে আসে আয়ুষ্মান যোজনা, আবাস যোজনার মতো প্রকল্পগুলির কথাও। এ ছাড়া দেশের পর্যটন প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যবিত্তেরা উপকৃত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
মোদীর বক্তৃতায় উঠে আসে আদিবাসী, দলিত, তফসিলি জাতি, জনজাতি এবং অন্য পিছিয়ে পড়া শ্রেণির প্রসঙ্গ। উঠে আসে বিশেষ ভাবে সক্ষমদের জন্য সুবিধা, তৃতীয় লিঙ্গকে আইনি স্বীকৃতির কথাও।







