জাপান সফরে প্রধানমন্ত্রী, লক্ষ্য বিনিয়োগ

0
108
ছবি সৌজন্যে : এক্স
সাত বছর পর দুই দিনের সরকারি সফরে ইতিমধ্যেই জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার আমন্ত্রণে অনুষ্ঠিত ১৫ তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দিতেই তাঁর এই সফর। টোকিও বিমানবন্দরে ভারতীয় প্রবাসীরা তাঁকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী সফরের মূল বিষয় হিসেবে ভারত-জাপান স্পেশাল স্ট্র্যাটেজিক ও গ্লোবাল পার্টনারশিপ আরও মজবুত করার কথা তুলে ধরেছেন।
অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে যৌথ উদ্যোগকে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। এক রিপোর্টে বলা হয়েছে, এই সফরে ভারত প্রায় ৬৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেতে পারে। পাশাপাশি সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও এআই নিয়ে একটি অর্থনৈতিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনাও রয়েছে।
শিনকানসেন বুলেট ট্রেন-ও থাকছে আলোচনায়। সফরের সময় প্রধানমন্ত্রী মোদী জাপানের একাধিক প্রিফেকচারের গভর্নরের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গিয়েছে। জাপান সফর শেষ করে প্রধানমন্ত্রী চিন যাবেন। ৩১ অগস্ট তিয়ানজিনে এসসিও সম্মেলনে যোগ দেবেন তিনি এবং সেখানেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে।